ডেঙ্গুতে আজও ৬ জনের মৃত্যু, চলতি বছরেই ১৯৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ছয়জনের। এনিয়ে চলতি বছরেই ১৯৯ জনের মত্যু হলো ডেঙ্গুতে।

একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৮ জন।

এদের মধ্যে  ঢাকার বাসিন্দা ৫৩০ জন এবং ঢাকার বাইরে ৩৮৮ জন। এ নিয়ে সারা দেশে তিন হাজার ২৭৫ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

এর আগে গত ২ নভেম্বর দেশে একদিনে সর্বোচ্চ এক হাজার ৯৪ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল।  

শনিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময় এদের মৃত্যু ও ডেঙ্গু শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৪৭ হাজার ৬৭০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৪ হাজার ১৯৬ জন।

এর আগে ২০১৯ সালে দেশে এক লাখ এক হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ১৬৪ জনের।