বাংলাদেশের ব্যবসায়ী নেতা ও চেম্বারসমূহের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (১৪ নভেম্বর) ঢাকায় এ মতবিনিময় সভা করেন তিনি।
এসময় ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, গত ৫ বছরে দুই দেশের বাণিজ্য দ্বিগুণেরও বেশি বেড়েছে। গত অর্থবছরে ভারতে বাংলাদেশের রপ্তানি প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায় ভারত এশিয়ায় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য হয়ে উঠেছে।
হাইকমিশনার তার বক্তৃতায় দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে বলেন, ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অনন্য উচ্চতায় গেছে।

হাইকমিশনার ভার্মা কমপ্রিহেনসিভ ইকনোমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্টের (সেপা) গুরুত্বের ওপর জোর দেন যা উভয়পক্ষই আলোচনায় সম্মত হয়েছিল।
তিনি সীমান্তে উন্নত যোগাযোগ এবং বাণিজ্য অবকাঠামোর গুরুত্বের ওপর জোর দেন যা ভারত ও বাংলাদেশ উভয়েরই দ্রুত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে উদ্ভূত অর্থনৈতিক অংশীদারিত্বের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে সহায়তা করবে।
এ প্রেক্ষাপটে তিনি অন্যান্য স্থলবন্দরে অবকাঠামোগত উন্নতির মাধ্যমে আইসিপি পেট্রাপোল-বেনাপোল-এর ওপর চাপ কমানো এবং বিধিনিষেধহীন বন্দরের সংখ্যা বৃদ্ধি করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যা স্থলবন্দরে বিনিয়োগে উৎসাহিত করবে।
হাইকমিশনার সড়ক, রেলপথ, অভ্যন্তরীণ নৌপথ ও কোস্টাল শিপিংয়ের মাধ্যমে এ উপ-অঞ্চলের বৃহত্তর সহযোগিতা, একীভূতকরণ এবং বহুমুখী সংযোগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
এসময় বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নেতারাসহ ব্যবসায়ী চেম্বার প্রধানরা উপস্থিত ছিলেন। ঢাকায় আগত সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স-এর একটি প্রতিনিধি দলও এ অনুষ্ঠানে অংশ নেন।





