প্রথম ম্যাচে খেলছেন না সাদিও মানে

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এবারের ফুটবল বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর। বুন্দেসলিগায় জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে চোটে পড়া তারকা ফুটবলার সাদিও মানেকে রেখেই বিশ্বকাপ দল ঘোষণা করে সেনেগাল।

তবে সাদিও মানে’র কাতার বিশ্বকাপে খেলার শঙ্কা এখনও কাটেনি। দেশটির ফুটবল ফেডারেশন বলছে, প্রথম ম্যাচে দলটির সেরা ফরোয়ার্ডকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে আফ্রিকান দলটিকে।

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে খেলার সময় চোট পান মানে। ডান পায়ে আঘাত পান এই ফরোয়ার্ড।

সেনেগাল কোচ আলিও সিসে দাবি করছেন, এই চোটের জন্য মানে’র কোনো সার্জারিরও প্রয়োজন নেই।

তবে দেশটির ফুটবল ফেডারেশনের বোর্ড সদস্য আব্দুলায়ে সোও বলেছেন, সাদিওকে ছাড়াই প্রথম ম্যাচে খেলতে নামতে হবে সেনেগাল। তাকে ছাড়া জিততেও হবে। এমনটা কেউ চায়নি। কিন্তু ভাগ্যে এটাই ছিল।

গত ফেব্রুয়ারিতে মিশরকে হারিয়ে আফ্রিকা নেশনস কাপের শিরোপা জেতে সেনেগাল। দলের এমন অর্জনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মানে। আবারও পরের মাসে বিশ্বকাপ বাছাই পর্বে মিশরকে হারিয়ে কাতার বিশ্বকাপের মঞ্চে আনতে বড় ভূমিকা পালন করেন সাবেক এই লিভারপুল তারকা। বিশ্বকাপে তাকে ঘিরেই ভালো কিছু করার প্রস্তুতি নিয়েছিল সেনেগাল।

কাতার বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে সেনেগালের প্রথম ম্যাচ ২১ নভেম্বর (সোমবার)। এই ম্যাচের সেনেগালের প্রতিপক্ষ নেদারল্যান্ড। স্বাগতিকদের বিপক্ষে ২৫ নভেম্বর এবং ২৯ নভেম্বর ইকুয়েডরের মুখোমুখি হবে সেনেগাল।