আন্দোলনের মুখে সরকার টিকবে না: ফখরুল

বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে সিলেট এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৮ নভেম্বর) রাতে সিলেটে এসেই সরাসরি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করেন।

রাত সাড়ে ১০টায় হজরত শাহজালাল মাজার জিয়ারত শেষে সাংবাদিকের মির্জা ফখরুল বলেন, এ সরকার ১৪-১৫ বছরের অবৈধ শাসনের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। রাজনৈতিক কাঠামোকেও বিনষ্ট করেছে। সাধারণ মানুষকে বিপদগ্রস্ত করেছে। মানুষের জীবনযাপনই এখন দুঃসহ হয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অসহনীয় হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, এ সরকার রিজার্ভ নিয়ে সমস্যা তৈরি করেছে। ব্যাংকিং সেক্টর ধ্বংস করে দিয়েছে। সামগ্রিক অর্থে দেশে এখন একটা দুঃসময় চলছে। এজন্য দায়ী এই অনির্বাচিত ও অবৈধ সরকার। এ কারণেই আমরা আন্দোলন গড়ে তুলেছি। আন্দোলনের মুখে ফ্যাসিবাদী এ সরকার টিকবে না।

বিএনপির মহাসচিব বলেন, সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনই এদেশের মানুষের এখন একমাত্র দাবি। দেশের মানুষ পরিবর্তন চায়।

শনিবার দুপুরে সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এতে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।