বুবলীকে শাকিবের উপহার, অপু বললেন ‘হাস্যকর’

ঢালিপাড়ার রোমান্টিক জুটি শকিব-বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রি বরাবরই নজরকাড়া। বাস্তব জীবনেও তারা আলোচনার কেন্দ্রে থাকেন।

গত রোববার (২০ নভেম্বর) ছিলো বুবলীর জন্মদিন। তিনি জানান, এ উপলক্ষে তাকে একটি ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন শাকিব। নাকফুলটি হাতে নিয়ে বেশ ইমোশনাল হয়ে পড়েন নায়িকা। বুবলী মনে করেন, এ উপহার তার জন্য অন্য রকম ভালোবাসার বহিঃপ্রকাশ।

এদিকে বুবলীকে নাকফুল উপহার দেওয়াকে কেন্দ্র করে প্রকাশিত খবরের একটি লিংক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। ক্যাপশনে এত্তগুলো হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘কি যে মজা মজা।’

এ প্রসঙ্গে জানতে চাইলে অপু খোলাসা না করে গণমাধ্যমকে শুধু বলেন, ‘হাস্যকর।’

নাম প্রকাশ না করার শর্তে শাকিব খানের ঘনিষ্ঠজনদের একজন গণমাধ্যমকে জানান, ‘গত কয়েক দিন ধরে শাকিব খান ঘরের বাইরে বের হননি। বাসায় তেমন কেউ আসেওনি। নাকফুল কীভাবে সে কিনল, জানা নেই। যত দূর জানি, শুটিংয়ের বাইরে শাকিব খানের সঙ্গে বুবলীর দেখা হয়নি। আর যদি দেখা হয়ে থাকে সেক্ষেত্রে তাদের দুজনের রিসেন্ট ছবি বুবলী প্রকাশ করতে পারত।’

এদিকে ছেলে শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনার পর থেকেই শাকিব-বুবলীর সম্পর্ক নিয়ে বেশ জল ঘোলা হচ্ছে। তাদের বিচ্ছেদের গুঞ্জনও শোনা গেছে। তবে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। এমনকি সম্প্রতি সময়ে বুবলীর পোস্ট করা কোনো ছবিই বর্তমান সময়ের নয়।

সবশেষ গত সোমবার (২১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন বুবলী। সেখানে স্বামীর সঙ্গে তাজমহল ঘুরতে যাওয়ার স্মৃতিচারণ করেছেন নায়িকা।

বুবলী লিখেছেন, যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এটি সম্রাট শাহজাহান এবং মমতাজের শোয়ার ঘর। বিয়ের পর শুটিংয়ে দুজনেই খুব ব্যস্ত ছিলাম। কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য তিনি আমাকে ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে নিয়ে গিয়েছিলেন। এটি আমার খুব প্রিয় একটি ছবি।