অবশেষে চলেই গেলেন ভারতের প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে পুনের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতা বেশ কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। একাধিক অঙ্গ ব্যর্থতার কারণে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এর আগে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল অভিনেতার। তবে তাঁর পরিবার নিশ্চিত করেছিল তিনি বেঁচে আছেন। হাসপাতালে ভর্তির পর তাঁর কিছুটা উন্নতি হয়েছিল; কিন্তু হঠাৎ করে অবস্থার অবনতি হয় এবং তিনি কোমায় চলে যান। হৃৎপিণ্ড, কিডনি সমস্যাসহ একাধিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। তাঁর একাধিক অঙ্গ নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল বলে জানা গেছে৷
দীনানাথ মঙ্গেশকাট হাসপাতালের চিকিৎসকদের মতে, শনিবার অভিনেতার স্বাস্থ্যের আরো অবনতি হয়। তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন এবং গুরুতর ছিলেন।
তাঁর পারিবারিক বন্ধু রাজেশ দামলে বলেছেন, তাঁর দেহ বালগন্ধর্ব অডিটরিয়ামে অ্যান্টিম দর্শনের জন্য রাখা হবে। সন্ধ্যা ৬টায় পুনের বৈকুণ্ঠ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।
বড় পর্দা এবং মঞ্চের প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে ১৯৭১ সালে অমিতাভ বচ্চনের ‘পারওয়ানা’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এর আগে মারাঠি থিয়েটার এবং সিনেমার একজন বিখ্যাত অভিনেতা ছিলেন দিনি। ৪০ বছরেরও দীর্ঘ ক্যারিয়ারে তিনি বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘অগ্নিপথ’, ‘হাম দিল দে চুকে সানাম’, ‘ভুল ভুলাইয়া’, ‘নটসম্রাট’, ‘হিচকি’, ‘মিশন মঙ্গল’সহ অসংখ্য ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন এই গুণী অভিনেতা।





