প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার নিশ্চয়তা দেবে নির্বাচন কমিশন। এ জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, গাইবান্ধা নির্বাচনের মতো অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রিজাইডিং অফিসারদের স্বচ্ছতার বিষয়ে আরো বেশি গুরুত্ব দেওয়া হবে।
গতকাল সোমবার রাতে রংপুর শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে রসিক নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সিইসি এসব কথা বলেন। তিনি বলেন, ইভিএমে অনেক বেশি নিরপেক্ষ ভোট করা সম্ভব, যা ব্যালটে সম্ভব নয়। প্রার্থীদের ইভিএমে শতভাগ আস্থা আছে। রসিক নির্বাচন করার মতো পর্যাপ্ত ইভিএম আছে।
সিইসি বলেন, স্টেকহোল্ডাররা সহযোগিতা করলেই শতভাগ আইন-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব। প্রার্থীরা আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, সচিব জাহাংগীর আলম, রসিক নির্বাচনে রিটার্নিং অফিসার আবদুল বাতেন, রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন, আঞ্চলিক নির্বাচন কর্মকতা জি এম সাহাতাব উদ্দিনসহ জেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





