ব্যবসায় যুক্ত হলেন শাহরুখপুত্র!  

বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের অভিনয়ের জন্য জনপ্রিয়তা না থাকলেও, আকর্ষণীয় লুকের জন্য বরাবরই প্রশংসিত। ২০২১ সালের ৩ অক্টোবর মাদক কাণ্ডের জন্য গ্রেপ্তার হলেও পরে ওই মাসের ৩০ তারিখ জেল থেকে ছাড়া পেয়ে যান তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ব্যবসা শুরুর ঘোষণা দিয়েছেন আরিয়ান। ‘ডি’ইআভিওএল’ নামে একটি লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড লঞ্চ করেছেন শাহরুখপুত্র।

এর আগে, জেল থেকে ছাড়া পেয়ে অভিনয়ের ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু পরে আবার শোনা যায়, অভিনয়ে নয়, বলিউডে পরিচালক হিসেবে পা রাখছেন আরিয়ান। তবে এবার ফিল্মে ক্যারিয়ার গড়ার পাশাপাশি সেই মদের ব্যবসাতেই যুক্ত হলেন সুদর্শন এই তরুণ।

ব্যবসা প্রসঙ্গে আরিয়ান বলেন, পাঁচ বছর আগে ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করার সময়েই এই ব্যবসা পরিকল্পনা করেন তিনি।

আরিয়ানের ব্র্যান্ডে টি-শার্ট, হুডি, জ্যাকেটসহ দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে যুক্ত সবধরণের জিনিসপত্রই পাওয়া যাবে। সব এক্সপেনসিভ জিনিসের পাশাপাশি মদপানের সঙ্গে যুক্ত সব সরঞ্জামও পাওয়া যাবে তার ব্র্যান্ডে। আপাতত ভদকা বিক্রি দিয়েই শুরু করছেন তিনি। তবে ধীরে ধীরে নিজের ব্যবসা আরও বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে শাহরুখপুত্রের।