ম্যাচ শেষে আবেগপ্রবণ দুই বন্ধু এমবাপ্পে-হাকিমি (ভিডিও)

ফাইনালে ওঠার লড়াইটা ছিল মরক্কো-ফ্রান্সের। আর সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে ফ্রান্স। তবে মাঠ ও মাঠের বাইরে ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে দুই বন্ধুর মধ্যকার বিশেষ কিছু মুহূর্ত। ফ্রান্সের জয়ে পুরো দল যখন জয়োল্লাসে মেতেছে, ফ্রান্সের অন্যতম সেরা ফুটবলার এমবাপ্পে তখন মরক্কো শিবিরে। এমবাপ্পে ছুটে যান প্রিয় বন্ধু আশরাফ হাকিমির খোঁজে। দুই দলের ফাইনালে ওঠার লড়াইয়ে বিন্দুমাত্র চিড় ধরেনি তাদের বন্ধুত্বে।

ম্যাচ শেষে দেখা যায়, হারের পর হাকিমি মাঠের মধ্যেই নুইয়ে পড়েছেন। তখন এমবাপ্পে ছুটে এসেছেন, আর মাঠের ঘাসে শুয়ে থাকা হাকিমিকে টেনে তুলছেন। দৃশ্যগুলো মাঠে উপস্থিত কারোরই নজর এড়ায়নি।

এই দৃশ্য এখানেই শেষ নয়, হামিকিকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছেন এমবাপ্পে। একে অপরের সঙ্গে খোশগল্প সারছেন। এমনকি জার্সি বদল শেষে মরক্কোর জার্সি গাঁয়ে হাস্যোজ্জ্বল ছবিও তুলেছেন এমবাপ্পে।

এমবাপ্পে ও হাকিমির এমন আবেগপ্রবণ মুহূর্তে তাদের সঙ্গে যুক্ত হন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। হাকিমির মাথায় আলতো স্পর্শে হাত নাড়েন ফরাসি এই কোচ।

এমবাপ্পে ও হাকিমির বন্ধুত্বের শুরুটা ফরাসি ক্লাব পিএসজি থেকে। ২০২১ সালে পিএসজিতে যোগ দিয়েই হাকিমি এমবাপ্পের সবচেয়ে কাছে বন্ধু হয়ে ওঠেন। এমবাপ্পে ভালোবেসে হাকিমিকে পেঙ্গুইন বলে ডেকে থাকেন। গোল করার পর পেঙ্গুইনের ভঙ্গিতে উদযাপনও করতে দেখা যায় তাদের।