৬ উইকেট নিলেও নিজের বোলিংয়ে খুশি নন সাকিব

ভারত সিরিজেই কাঁধের চোটে পড়েছিলেন। চট্টগ্রাম টেস্টের অর্ধেক সময় তো বোলিং করতেই পারেননি। কাঁধের ব্যথা কমে যাওয়ায় ঢাকা টেস্টে বোলিং করেছিলেন। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিলেও নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট নন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

৩ উইকেটে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমার মনে হয়, আমি আরও ভালো বল করতে পারি। ধারাবাহিকভাবে আরও ভালো জায়গায় বল করতে পারতাম। যেটা হয়তো একটু আমার জন্য হতাশাজনক। আমার যে সামর্থ্য ও মান, আমি মনে করি যে আরও ভালো জায়গায় বল করতে পারতাম। ‘

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৭৯ রানে ৪ উইকেট নেন সাকিব। দ্বিতীয় ইনিংসে নেন ৫০ রানে ২টি। ম্যাচে তার শিকার ৬ উইকেট। এটাই গত সাড়ে তিন বছরে টেস্টে সাকিবের সেরা বোলিং পারফরম্যান্স। এর আগে চট্টগ্রাম টেস্টে শুধু প্রথম দিনেই বোলিং করেছিলেন সাকিব। ১২ ওভার বল করে কোনো উইকেট পাননি। এরপর কাঁধের চোটে তাকে বোলিং ছাড়তে হয়।