কুয়াশায় কারণে মহাসড়কে যানজট, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

পাঁচ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তবে হতাহতের খবর জানা যায়নি। এছাড়া বঙ্গবন্ধু সেতুর টোলবুথ বন্ধ থাকায় যানচলাচল বন্ধ থাকে।

বুধবার (২৮ ডিসেম্বর) গভীর রাত থেকে মহাসড়ক ঘন কুয়াশায় ঢেকে যায়। এতে যানবাহনের চালকরা ধীরগতিতে যানবাহন চালাতে থাকেন। যানবাহনের ধীরগতির কারণে মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত যমুনা সেতুর পূর্বপারে যানজটের সৃষ্টি হয়। যানজট কমপক্ষে ১০ কিলোমিটার এলাকায় বিস্তৃত ঘটে। তীব্র শীতে যানজটে আটকা পড়ে বেশি দুর্ভোগে পড়েন নারী ও শিশু যাত্রীরা। প্রকৃতির ডাকে সাড়া দিতে তাদের দুর্ভোগে পড়তে হয়। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টার পর থেকে মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হয়।  

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে অধিকাংশ টোলবুথ বন্ধ রাখা হয়। এতে সেতুতে পরিবহন চলাচল বিঘ্ন হয়। ফলে গাড়ির চাপ বেড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ৮টার দিকে টোলপ্লাজার সবগুলো টোলবুথ খুলে দেওয়ার পর মহাসড়কে পরিবহন চলতে থাকে।   

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সেতুতে সবগুলো টোলবুথ চালু করা এবং কুয়াশা কেটে যাওয়ায় মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল সাড়ে ১০টার পর থেকে তেমন গাড়ি নেই।

তিনি আরো বলেন, ঘন কুয়াশার কারণে সেতুতে পাঁচটি টোলবুথ বন্ধ রাখা হয়। রাত থেকেই বুথগুলো বন্ধ ছিল। এতে পরিবহনের চাপ বেড়ে যায় মহাসড়কে। ফলে কোথাও কোথাও পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছিল।