দুইদিক থেকেই আসছিল ট্রেন, কাটা পড়লেন প্রধান শিক্ষকসহ তিনজন

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার আজিম নগর রেলওয়ে স্টেশনের অদুরে নারায়নপুর এলাকায় ট্রেনে কেটে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপর ১টার দিকে রেল লাইন দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় পেছন দিক থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়। পরে ট্রেনের চাকায় তাদের দেহ ছিন্নবিচ্ছিন হয়ে যায়।  

নিহতরা হলেন, নারায়নপুর গ্রামের মনজুরর হমানের স্ত্রী, গোপালপুর বাজারের ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর কর্মী সাথী খাতুন (৩২), একই গ্রামের মৃত পাঁচু শেখের ছেলে ফার্নিচার ব্যবসায়ী জমির উদ্দিন (৭০) এবং কেশবপুর গ্রামের মৃত জেসার আলীর ছেলে এবং সাহাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা তিনজনই রেল লাইন দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তাদের সামনের দিক থেকে মালগাড়ী আসায় (আব্দুলপুর-ঈশ্বরদী) পাশের লাইন দিয়ে হাঁটছিলেন। সে সময়ে পেছন দিক থেকে আসা টুঙ্গীপাড়া থেকে রাজশাহী গামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়েন তারা। খবর পেয়ে নিহতের স্বজনরা তাদের লাশ নিয়ে যায়।

সম্প্রতি সাময়িক ভাবে বন্ধ হওয়া আজিমনগর রেলওয়ে স্টেশনের দায়িত্বে থাকা পোটার আবু রায়হান ও ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান জানান পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।