শত চেষ্টা করেও সরকার আন্দোলন দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার (২ জানুয়ারি) বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, অধিকার আদায়ে দেশের মানুষ জেগে গেছে। বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করে গণঅভ্যুত্থান ঠেকানো যাবে না।
তিনি বলেন, সংবিধানে সমাজতন্ত্র লেখা, কিন্তু দেশের অর্থনীতি হচ্ছে মুক্তবাজার অর্থনীতি। এটা জাতির সঙ্গে প্রতারণা।
বিএনপির এই নেতা বলেন, প্রতিশোধ নয়, বিএনপি সৌহার্দ্যপূর্ণ সমাজ চায়। তাই রেইনবো নেশনের ধারণা জাতির সামনে নিয়ে এসেছে।
নজরুল ইসলাম বলেন, জনগণের মতামত প্রকাশের জন্যই নিরপেক্ষ সরকার দরকার। যে আশা নিয়ে মুক্তিযুদ্ধ করা, তা বাস্তবায়ন হয়নি।





