রিয়ালকে জেতালেন রোদ্রিগো, মনে করালেন পেলেকেও

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে পেনাল্টি মিস করেছিলেন ব্রাজিলের তরুণ তারকা রোদ্রিগো। তাঁর শট রুখে দিয়েছিলেন ক্রোয়েশিয়ান গোলরক্ষক লিভাকোভিচ। বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদের হয়ে চেনা রূপে ফিরলেন রোদ্রিগো। তাঁর গোলেই সিপি কাসেরেনোকে হারিয়ে কোপা দেল রে’র  শেষ ষোলেতে ওঠে গেছে রিয়াল।

মঙ্গলবার রাতে প্রিন্সিপাল ফিলিপে স্টেডিয়ামে কোপা দেল রে’র শেষ বত্রিশের ম্যাচে কাসেরেনোকে ১-০ ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬৯তম মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন রোদ্রিগো। নিজেদের মাঠে অবশ্য শুরু থেকেই দারুণ লড়াই করে কাসেরেনো। ৩২তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে বক্সে নিয়ে দারুণ শট নেন মানসন। সেটি অবশ্য অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক।

৪০তম মিনিটে আসেনসিও বক্সে বল বাড়ান রোদ্রিগোর উদ্দেশে। কিন্তু ঠিকঠাক শট নিতে পারেননি এই ব্রাজিলিয়ান। দ্বিতীয়ার্ধে আক্রমণে মনোযোগ দেয় রিয়াল। ৬৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দলটি। বাঁ দিক থেকে কাসেরেনো ডিফেন্ডারকে বোকা বানিয়ে রোদ্রিগোকে বল বাড়ান সেবায়োস। বল পেয়ে দারুণ এক শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

গোল উদযাপন করতে গিয়ে পেলেকে ফিরিয়ে আনেন রোদ্রিগো। তিনবার লাফ দিয়ে প্রতিবারই মুঠোবদ্ধ ডান হাত শূন্যে ছুড়েছেন। এটিই ছিল পেলের‘ট্রেডমার্ক’ উদযাপন। ১৯৭০ বিশ্বকাপ ফাইনালে হেডে গোল করার পর মুঠোবদ্ধ ডান হাত শূন্যে ছুড়ে এভাবেই উদযাপন করেছিলেন পেলে। সান্তোসের হয়েও বহুবার এভাবে গোল উদযাপন করেছেন কিংবদন্তি