বিপিএলের নবম আসর চলাকালীন ঢাকায় পা রেখেছেন উইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস। আজ সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচে তাকে মিরপুর শেরে বাংলায় দেখা গেছে। এবারের আসরে বিদেশি বড় তারকা নেই বললেই চলে। কিন্তু ধারাভাষ্যকার হিসেবেই সেই ঘাটতি পূরণ করে দিলেন অ্যামব্রোস।
ম্যাচ শুরুর আগে বিশ্লেষণের জন্য অ্যামব্রোস মাঠে নেমেছিলেন। টসের আগমুহূর্তে সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে তিনি কাছে ডেকে নেন। দুজনে কিছু সময় কথা বলেন। এই সময় ধারাভাষ্যকার আতহার আলী খানও উপস্থিত ছিলেন। কার্টলি অ্যামব্রোসকে কাছে পেয়ে কিছু টিপস নিয়ে নেন বিপিএল খেলতে আসা পাকিস্তানের দুই ফাস্ট বোলার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম।
উল্লেখ্য, মিরপুর শেরে বাংলায় আজ সোমবার দিনের প্রথম ম্যাচে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যাটিংয়ে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ৯ ওভারে ৩ উইকেটে ৬৯ রান। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স।





