ক্রিকেট মাঠে আ্গ্রাসী নেতৃত্ব, আম্পায়ারের সিদ্ধান্তে বিতর্কের অবকাশ থাকলে তীব্র প্রতিবাদ কিংবা মাঠের বাইরে দেশের ক্রিকেট নিয়ে চাঁছাছোলা মন্তব্য- এসব মিলেই সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা এই অল-রাউন্ডার এসব কারণে কম শাস্তি পাননি। তবু সাকিব আছেন তার মতোই। এবারের বিপিএল শুরুর আগেও তিনি নানা অব্যবস্থাপনা নিয়ে সবার আগে মুখ খুলেছিলেন। পরে মাশরাফি বিন মুর্তজা্ তাকে সমর্থন দেন। এখন দেশের ক্রিকেটে বিপিএল ছাপিয়ে আলোচনায় সাকিব আল হাসান।
গত ৪ জানুয়ারি সাকিব বলেছিলেন, ‘একটা যা-তা অবস্থা। এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আরও ভালোভাবে হয়। কারণ, আগে থেকেই দল গোছানোর সুযোগ থাকে। আরও আগে থেকে জানে যে দলটা কী হচ্ছে এবং তারা সেভাবে প্রস্তুতি নিতে পারে।’ এরপর বিপিএল বদলে দেওয়ার ঘোষণা দিয়ে সাকিব বলেন, ‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয়, আমার বেশি দিন লাগবে না। সব ঠিক করতে সর্বোচ্চ এক থেকে দুই মাস লাগবে। ‘নায়ক’ সিনেমা দেখেছেন না? একদিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে সে সব করতে পারে।’
সাকিবকে অবশ্য এই বক্তব্যের জন্য শাস্তি পেতে হয়নি। যেমন গত পরশু সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের দিকে তেড়ে যাওয়ার পরও শাস্তি হয়নি সাকিবের। ফরচুন বরিশাল অধিনায়কের ওই বক্তব্যের পর বিপিএলের গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘আমি প্রথমে সাকিবকে স্বাগত ও ধন্যবাদ জানাই। সে যদি বিপিএলের সিইও হয়ে আসতে চায়, আমরা গভর্নিং বোর্ড থেকে তাকে স্বাগতম জানাই। সে যদি চায়, সামনের বছর থেকেই সিইওর দায়িত্বটা পালন করুক।’
নাটক সেখানেই শেষ হয়নি। গতকাল রবিবার সাকিবকে পাওয়া যায় একটি অনুষ্ঠানে। তাকে শেখ সোহেলের বক্তব্য জানাতেই হাসতে হাসতে বলেন, ‘হলে তো প্রেসিডেন্ট হওয়াই ভালো (হাসি)।’ সাকিব বলেই জবাবটা এমন হয়েছে। দেশের ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনার। সাকিব একবার বলেছিলেন, তিনি ক্রিকেট থেকে অবসর নিলে আলোচনা কিংবা শিরোনাম- কোনোটাই তৈরি হবে না। তাই দিনের পর দিন নানা আলোচনার জন্ম দিয়ে যান সাকিব। বিপিএলের ট্রফি উন্মোচনে উপস্থিত না থেকে্ তিনি আলোচনার জন্ম দেন।
এই ‘অবাধ্য’ সাকিবকে বাগে আনার ফর্মুলা সম্ভবত বিসিবির কাছে নেই। যার প্রধান কারণ পারফর্মারের অভাব আর নানা অনিয়ম আর অব্যস্থাপনা। নাজমুল হাসান পাপন বছরের পর বছর ধরে দেশের ক্রিকেট শাসন করছেন। তার আমলে দেশের ক্রিকেটের উন্নতি হয়েছে সত্য। বেড়েছে জনপ্রিয়তা এবং আয় রোজগার। কিন্তু বাড়েনি ক্রিকেটের মান, তৈরি হয়নি পর্যাপ্ত অবকাঠামো এমনকী নতুন ক্রিকেটার তুলে আনার প্রক্রিয়াও ছন্নছাড়া। সাকিব বিসিবি সভাপতি হলে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এবার দেখার সাকিবের বক্তব্যের প্রেক্ষিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কী বলেন।





