বিএনপির গণ-অবস্থান ঘিরে মাঠে ছাত্রলীগ 

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে আজ একযোগে গণ-অবস্থান কর্মসূচি পালন করবে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে একযোগে ৪ ঘণ্টার এ কর্মসূচি পালন করবে বিএনপি এবং সমমনা ৫৩ রাজনৈতিক দল ও সংগঠন। এরমধ্যে রাজধানী ঢাকায় ৭ স্থানে গণ-অবস্থান করবে দলগুলো।

বিএনপির এ কর্মসূচিকে অপতৎপরতা উল্লেখ করে সকাল থেকে রাজধানীর শাহবাগ চত্ত্বরে অবস্থান নিয়েছে ছাত্রলীগ।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদের মদদদাতা, দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক, গণতন্ত্র ও মানবাধিকারের হন্তারক, অশুভ ও অন্ধকারের শক্তি বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাসের প্রচেষ্টা ও সংবিধানবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে মাঠে আছে ছাত্রলীগ।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান আরটিভি নিউজকে বলেন, আমাদের এই অবস্থান কর্মসূচি সন্ত্রাসের বিরুদ্ধে। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের কর্মসূচি। মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে আমরা সবসময় চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে। আজও আমাদের সেই চেষ্টা অব্যাহত আছে।