বিএনপি আবার মানুষ হত্যা করে ক্ষমতায় আসতে চায় : রেলমন্ত্রী

বিএনপি  মানুষ হত্যা করে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘ক্ষমতায় থেকে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নষ্ট করেছে বিএনপি। তবে এখন তারা গণতন্ত্রের কথা বলে নির্বাচনী পবিবেশকে গরম করছে। এরা কোথায় থেকে এসেছে, এদের ব্যাকগ্রাউন্ড কী? জোর করে মানুষ হত্যা করে ক্ষমতা গ্রহণ করেছে কারা, বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতায় এসেছে কারা? তাদের সম্পর্কে এ দেশের মানুষ জানে।’

আজ শনিবার ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের ডাবল লাইন প্রকল্প ও শেখ রাসেল পার্ক পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, ‘আগামী জুন মাসের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু অতিক্রম করে রেলপথকে রেল চলাচলের উপযোগী করে তোলা হবে। তবে ঢাকা থেকে যশোর পর্যন্ত মূল প্রকল্প শেষ হতে ২০২৪ সাল পর্যন্ত সময় লাগবে।’

এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ নিয়ে মন্ত্রী বলেন, ‘একটি দেশের ভারসাম্যপূর্ণ যোগাযোগব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ডাবল লাইনের কাজ শেষ হলে প্রতিদিন এই পথে ৫০ বার ট্রেন আসা-যাওয়া করবে। নারায়ণগঞ্জবাসীর সুবিধার জন্য দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করা হবে।’

রেলওয়ের জায়গা দখল করে শেখ রাসেল পার্ক নির্মাণের বিষয়ে জানতে চেয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পার্কটি নির্মাণ করা হয়ে গেছে, এখন এখানে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। তা ছাড়া এই পার্ক যেহেতু সরকারের একটি উন্নয়নমূলক প্রকল্প, তাই এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে।’