আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে নির্বাসিত করেছে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার (১৮ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মোশাররফ হোসেন বলেন, জাতির সব সফলতাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে। প্রশাসন ও বিচারব্যবস্থাকে দলীয়করণ করায় মানুষের ভোটাধিকার ও মানবাধিকার নাই। লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে।
এ অবস্থা থেকে মুক্তির জন্য রাজপথেই ফায়সালা নির্ধারণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, লুটপাট ও দুর্নীতির কারণে ১৯৭৪ সালে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। সেই অবস্থা থেকে দেশকে সমৃদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। আওয়ামী লীগ যেখানে ব্যর্থ জিয়াউর রহমান সেখানে সফল। তাই জিয়াউর রহমানকে ভয় পায় তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।





