নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণার চাপ থাকলেও আপাতত সে পথে হাঁটছে না বিএনপি। বরং আন্দোলনের গতি বাড়াতে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে অহিংস কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে দলটি।
দলের নীতিনির্ধারকরা মনে করেন, হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি এখন আন্দোলনের মাঠে কার্যকারিতা হারিয়েছে। সরকার পতন আন্দোলনেও ব্যতিক্রমী শান্তিপূর্ণ কর্মসূচি দিতে হবে।দলের দায়িত্বশীল নেতারা বলছেন, গত বছরের শেষ দিকে ১০ সাংগঠনিক বিভাগীয় গণসমাবেশের পর এখন পর্যন্ত বিএনপির পালন করা কর্মসূচি প্রশংসা পেয়েছে। সরকার নানাভাবে উসকানি দেওয়ার পরও ধ্বংসাত্মক কর্মসূচিতে যাননি তাঁরা। বিদেশি শক্তিগুলোও তাঁদের প্রশংসা করেছে। তাই রাজনীতির মাঠে এই সুনাম ধরে রেখে পরবর্তী কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে বিএনপি।
অহিংস শান্তিপূর্ণ কর্মসূচি কী হতে পারে—তা নিয়ে স্থায়ী কমিটির গত কয়েকটি বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে। এতে প্রায় সব নেতাই অভিন্ন মত দেন। তাঁদের বক্তব্য, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বিএনপি সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে। সরকার পতন আন্দোলনও নিয়মতান্ত্রিক হতে হবে। বিএনপির গত কয়েকটি কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেনসহ স্থায়ী কমিটির নেতারাও অহিংস কর্মসূচিতে সরকারের পতন ঘটাবেন বলে হুঁশিয়ার করেছেন।
গত মঙ্গলবারও স্থায়ী কমিটির সভায় বিএনপির ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে দলটি। তবে পরিস্থিতি বুঝে হঠাৎ ঢাকামুখী বড় ধরনের কর্মসূচি আসতে পারে।





