আল নাসরের পরাজয়ে রোনালদোকে দুষছেন কোচ গার্সিয়া

নতুন বছরের শুরুতে ইউরোপিয়ান ফুটবলের পাট চুকিয়ে এশিয়ার দেশ সৌদি আরবের আল নাসরে ক্লাবে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এশিয়ান চ্যাম্পয়নশিপে খেলা সৌদির ক্লাবটির হয়ে ইতোমধ্যে দুই ম্যাচে মাঠে নেমে গোলবঞ্চিত রয়েছেন পর্তুগিজ তারকা।

আল নাসরের হয়ে নিজের প্রথম ম্যাচে গোল না পেলেও ঠিকই জয় পেয়েছিল দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে গোল তো তিনি করতে পারেননি পাননি, উল্টো সহজ সুযোগ নষ্ট করে সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় পর্তুগিজ তারকার ক্লাব আল নাসরে।

শুক্রবার (২৭ জানুয়ারি) রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে আল ইত্তিহাদ ক্লাবের কাছে ৩-১ গোলের ব্যবধানে পরাজয় বরণ করে আল নাসরে ক্লাব। যেখানে ম্যাচে ১০২ মিনিট খেলেও কোনো প্রভাব ফেলতে পারেননি রোনালদো। উলটো এই ম্যাচ হারের জন্য সিআর সেভেনকেই দায়ী করেছেন আল-নাসের কোচ রুদি গার্সিয়া।

তবে সরাসরি রোনালদোকে দোষ দেননি গার্সিয়া, সিআর সেভেনের প্রথমার্ধের একটি সহজ সুযোগ মিস করাকে নিজেদের হারের জন্য পরোক্ষভাবে দায়ী করেছেন আল-নাসেরের ফরাসি এই কোচ।

গার্সিয়া সেদিকেই ইঙ্গিত করে বলেছেন, ‘ম্যাচের গতিপথ পরিবর্তন করে দেওয়া অনেক গুলো ঘটনার মধ্যে রোনালদোর মিস অন্যতম।’

ম্যাচের ১৫ মিনিটে আল-ইত্তিহাদকে এগিয়ে দেন রোমারিনহো। এরপর আল নাসরেকে সমতায় ফেরানোর বেশ সহজ একটি সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু সেটি নষ্ট করেন দলের সবচেয়ে বড় এই তারকা।

আল নাসরে বছরে ২২০০ কোটি টাকা বেতনে দুই বছরের জন্য চুক্তি করেছেন রোনালদো। এমন সব গুরুত্বপূর্ণ ম্যাচেই নিজের পারফরম্যান্স দিয়ে আল নাসরের জয়ের নায়ক হওয়ার কথা ছিল ৩৭ বছরের রোনালদোর। কিন্তু সেখানে প্রথম পরীক্ষাতেই নিজেকে ব্যর্থ প্রমাণ করলেন তিনি।