বেপরোয়া গতির পিকআপে প্রাণ গেল অটোরিকশাচালকের

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে বেপরোয়া গতির একটি পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালক নিহত এবং এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলায় মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোরশেদ মিয়া (৪৫) কিশোরগঞ্জের ভৈরবের মধ্যচর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। এ ছাড়া এই দুর্ঘটনায় আহত অটোরিকশার এক যাত্রীর দুই পায়ের হাড় ভেঙে গেছে। পরে তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। তার পরিচয় জানা যায়নি।  হাইওয়ে পুলিশ জানায়, নরসিংদী থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি পিকআপ উপজেলার মাহমুদাবাদ প্রাইমারি স্কুল এলাকা অতিক্রম করছিল। একই সময় ভৈরব থেকে ছেড়ে আসা সিএনজিচালিত একটি অটোরিকশা সেখানে পৌঁছলে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান অটোরিকশাচালক খোরশেদ মিয়া। এ ছাড়া গুরুতর আহত হন অটোরিকশার এক যাত্রী। হাইওয়ে পুলিশ খবর পেয়ে সকাল ৯টায় ঘটনাস্থল থেকে গাড়ি দুটি উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী মো. হারুন মিয়া বলেন, ‘পিকআপচালকের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় সিএনজিচালক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত সিএনজির এক যাত্রীর দুই পা ভেঙে গেছে। পরে তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।’ ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক মো. নুর বলেন, ‘ঘটনাস্থল থেকে সিএনজিচালকের লাশ উদ্ধার করা হয়েছে। দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকে পিকআপের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।