বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজ উদ্দিন। দীর্ঘদিন ধরেই দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে এই অভিনেতার। তারই জের ধরে বর্তমানে নিজের বিলাসবহুল প্রাসাদ ছেড়ে হোটেলে থাকছেন নওয়াজ।
স্ত্রী আলিয়ার সঙ্গে অভিনেতার দাম্পত্য কলহ আদালত পর্যন্ত গড়িয়েছে। ছেলের বউয়ের বিরুদ্ধে থানায় মামলা করেন নওয়াজের মা মেহেরুনিসা সিদ্দিকী। এতে থেমে থাকেননি আলিয়া। তিনিও নওয়াজ ও তার মার বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন।
এ জন্য নওয়াজের বাড়ির সব বেডরুমে তালা ঝুলিয়ে দিয়েছে অভিনেতার মা। তাই সন্তানদের নিয়ে বর্তমানে লিভিং রুমেই থাকছেন নওয়াজউদ্দিনের স্ত্রী।
অভিনেতার ঘনিষ্ঠ এক বন্ধু জানায়, নওয়াজউদ্দিন নিজের বাড়ি ছেড়ে এখন একটি হোটেলে আছেন। যতক্ষণ পর্যন্ত তার আইনজীবীরা বাড়ির ঝামেলা না মেটাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ওই হোটেলেই থাকবেন তিনি।
প্রসঙ্গত, ২০০৯ সালে গাঁটছড়া বাঁধেন নওয়াজউদ্দিন-আলিয়া। তাদের সংসারে এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। ২০২০ সালে নওয়াজ এবং তার পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেন আলিয়া। এরপর থেকেই আলাদা থাকছেন তারা।





