১০ দফা আদায়ে আবারও ঢাকা মহানগরে ৯ ও ১২ ফেব্রুয়ারি পদযাত্রা করবে বিএনপি। আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত তুলে ধরেন দলটির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ৯ ফেব্রুয়ারি মহানগর দক্ষিণের উদ্যোগে গোপীবাগ ব্রাদার্স ক্লাবের মাঠ থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত এবং ১২ ফেব্রুয়ারি মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী ক্লাব মাঠ থেকে লিংক রোড, শিয়া মসজিদ মোড়, তাজমহল রোড, নূরজাহান রোড, বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়, মোহাম্মদপুর আল্লাহকলি মসজিদ সড়ক হয়ে বছিলা সাত রাস্তার মোড় পর্যন্ত।
এ ছাড়া স্থায়ী কমিটির সভায় তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি, অসংখ্য মানুষ আহত হওয়ায় এবং ধ্বংসস্তূপের নিচে অগণিত মানুষ আটকে পড়ার প্রাকৃতিক বিপর্যয়ে তুরস্ক ও সিরিয়া সরকারকে গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন (এইচআরডাব্লিউ)-এর বিবৃতি, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সরকারের বেআইনিভাবে ব্যবহার এবং ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গায় দুষ্কৃতকারীদের দ্বারা ১৪টি মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনার নিন্দা জানানো হয় স্থায়ী কমিটির সভায়।মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থায়ী কমিটি অবিলম্বে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায়।
একই সঙ্গে সম্প্রতি ঢাকায় মার্কিন দূতাবাসের আয়োজিত আলোচনাসভায় খসড়া ‘তথ্য সংরক্ষণ আইন’ নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্টদূতের উদ্বেগ প্রকাশের বিষয়টি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, এই বিষয়টি স্থায়ী কমিটির সভায় আলোচনা হয়েছে। সভা মনে করে, প্রস্তাবিত আইন স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার ও মুক্ত ব্যবসার পরিপন্থী। বেআইনি কর্তৃত্ববাদী সরকার ক্ষমতাকে কুক্ষিগত করার লক্ষ্যে একের পর এক নিবর্তনমূলক আইন প্রণয়নের মাধ্যমে দেশকে পুরোপুরি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কামরুজ্জামান রতন, নাজিম উদ্দিন আলম, মাহবুবুল হক নান্নু ও মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক উপস্থিত ছিলেন।





