আদর্শ প্রকাশনীর যে তিনটি বই নিয়ে বাংলা একাডেমি আপত্তি জানিয়েছে, বইমেলায় সেগুলো বিক্রি ও প্রদর্শনী করা হবে না মর্মে মুচলেকা চেয়েছেন হাইকোর্ট। এ ছাড়া মেলায় প্রকাশনীটির স্টল বরাদ্দ না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করা রিটের ওপর বুধবার (৮ ফেব্রুয়ারি) আদেশ দেবেন আদালত।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি বাংলা একাডেমির আপত্তি থাকা তিনটি বই আদালতে দাখিল করতে বলা হয়েছে।
এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
আদালতে ব্যারিস্টার অনীক আদর্শ প্রকাশনীকে বইমেলায় স্টল বরাদ্দ দেওয়ার আর্জি জানান। তিনি বলেন, ‘যে বইগুলোর বিষয়ে বাংলা একাডেমি আপত্তি জানিয়েছে, স্টলে সেগুলো রাখা হবে না।’ এসময় হাইকোর্ট বলেন, বাংলা একাডেমির আপত্তি থাকা তিনটি বই বাদ দিয়ে আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিলে সমস্যা কোথায়? আমরা মনে করি সমস্যা থাকার কথা নয়।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দেওয়ার বিষয়ে আপত্তি জানান।
এর আগে, গত ২ ফেব্রুয়ারি বাংলা একাডেমি মাসজুড়ে আয়োজিত বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। প্রকাশনীটির স্বত্বাধিকারী মো. মাহাবুবুর রাহমান বাদী হয়ে রিটটি দায়ের করেন। রিটে দ্রুততম সময়ের মধ্যে প্রকাশনা সংস্থাটিকে স্টল বরাদ্দ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। রিটে বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতিসহ চারজনকে রিটে বিবাদী করা হয়।





