ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঐতিহ্যের ঢাকাকে পুনরুদ্ধারে কাজ শুরু করেছে ডিএসসিসি। লালকুঠি সংস্কারের কাজ শুরু হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নগর ভবনের বুড়িগঙ্গা হলে ডিএসসিসি অধিক্ষেত্রভুক্ত এলাকায় ঐতিহাসিক স্থাপনাসমূহের রক্ষণাবেক্ষণ আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে নিশ্চিতকরণ এবং যথাযথ সংরক্ষণে গঠিত পরামর্শক কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার ঐতিহাসিক স্থাপনা রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণে আমরা কমিটি গঠন করেছি।
সভায় কমিটির সদস্য ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, এ ধরনের কমিটি গঠনকে সাধুবাদ জানাই। আজকের বৈঠকে কিছু আলোচনা হয়েছে। যে সব ঐতিহ্যবাহী স্থাপনা দখল হয়ে আছে, সেগুলো দ্রুত দখল মুক্ত করতে হবে। এ ছাড়া ঐতিহ্য ধরে রেখে সেগুলোর সংস্কার করা আমাদের মূল লক্ষ্য থাকবে।
সভায় আরও উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসেফিক-এর অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ সামছুল হক, করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলামসহ অনেকেই।





