বিএনপির আন্দোলন স্রোতে হারিয়ে গেছে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামায়াত দেশে আবারো আগুন সন্ত্রাস শুরু করেছে। শনিবার সারা দেশের ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশের কর্মসূচি ছিল। সেখানে দেখলাম সিরাজগঞ্জসহ কয়েক জায়গায় আগুন সন্ত্রাসী চালানো হয়েছে। সিরাজগঞ্জে কয়েকটি গাড়ি পোড়ানো হয়েছে। এটা কারা করেছে?

আজ রবিবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়স্থ জোড় পুকুর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন স্রোতে হারিয়ে গেছে। বিএনপির আন্দোলন এখন গুরুতর আহত। ক্ষমতার ময়ুর সিংহাসন ফিরে পেতে তারা মরিয়া হয়ে পড়েছে।

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়েকর দিবাস্বপ্ন দেখে কোনো লাভ নেই। বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না। বাংলাদেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না।

তিনি বলেন, নারীদের মর্যাদা ও সম্মান দিয়েছে আওয়ামী লীগ। বিএনপি জামায়াত ক্ষমতায় গেলে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন না। দেশে আফগানি অবস্থা চালু করবে।ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির প্রমুখ বক্তব্য রাখেন।