চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে অলিখিত সেমিফাইনালে আজ (১৪ ফেব্রুয়ারি) মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
শিরোপার লড়াইয়ে টিকে থাকতে দুই দলই এই ম্যাচের জন্য নিজেদের শক্তিমত্তা বাড়িয়ে নিচ্ছে। যেখানে রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স দুই দলই বিদেশি ক্রিকেটার যুক্ত করছে নিজের স্কোয়াডে।
সিলেটকে হারাতে ১৩ ফেব্রুয়ারি স্যাম বিলিংসকে উড়িয়ে এনেছে রংপুর শিবির। বিলিংস আসার একদিন পর এলো আরেক ইংলিশ ক্রিকেটার। তবে সিলেট ফ্র্যাঞ্চাইজিতে।
রংপুরকে আটকাতে ইংলিশ পেসার লুক উডকে নিজেদের দলে ভিড়িয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। আজ (১৪ ফেব্রুয়ারি) সকালে মাশরাফী বিন মোর্ত্তজাদের সঙ্গে যোগ দিয়েছেন উড।
সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দীন খান উডের আসার বিষয়টি গণমাধ্যমে জানিয়ে জানান, ‘ইংল্যান্ডের ফাস্ট বোলার লুক উড সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে যোগ দিয়েছেন। আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন এই ক্রিকেটার।’
বাংলাদেশে এসে হোটেল রুম থেকে এক ভিডিও বার্তায় উড বলেন, ‘হাই গাইজ, আমি লুক উড বলছি। আজ সকালে বাংলাদেশে এসে দলের সঙ্গে যোগ দিয়েছি। বড় ম্যাচ আসছে, কাম অন বয়েজ।’





