সরকারি দল না করলে চাকরি মেলে না : জিএম কাদের

সরকারি দল না করলে চাকরি মেলে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, আমরা ন্যায়বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা চাই।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বনানী কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, বৈষম্যের কারণে ধনী ও দরিদ্রের ব্যবধান বেড়ে যাচ্ছে এবং একটি অসম রাষ্ট্র তৈরি হচ্ছে। এমন দেশের জন্য মুক্তিযুদ্ধ হয়নি। মানুষে-মানুষে বৈষম্য হচ্ছে স্বাধীনতার চেতনা পরিপন্থি।

তিনি বলেন, কর্মমুখী শিক্ষার অভাবে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলছে। আবার বেসরকারি পর্যায়ে উন্নত মানের শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি হচ্ছে যেগুলো অত্যন্ত ব্যয়বহুল। দেশে বড় বড় ভবনের সঙ্গে হাসপাতালে বেডের সংখ্যা বাড়ছে কিন্তু চিকিৎসা সেবার মান বাড়ছে না। বেসরকারি পর্যায়ে আধুনিক সুবিধাসহ হাসপাতাল গড়ে উঠেছে। কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। তাই দেশের বেশির ভাগ মানুষ মানসম্মত শিক্ষা ও চিকিৎসা পাচ্ছে না।

জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু প্রমুখ।