কক্সবাজারের উখিয়া উপজেলায় এক লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন রাজাপালং ইউনিয়নের তুলাতুলি জলিলের গোদা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বশির আহমেদের ছেলে শরিফ হোসেন (২১)।
বিজিবি অধিনায়ক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি চৌকস টহলদল জানতে পারে, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান আসছে। পরে টহল টিম রাজাপালং ইউপির তুলাতুলী জলিলের গোদা এলাকায় অভিযান চালিয়ে শরিফ হোসেনকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।





