আর্জেন্টিনায় খেলার প্রস্তাব পেল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব 

লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। দেশটির প্রথম বিভাগের দল লা প্লাতা জিমনেসিয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামালকে এই প্রস্তাব দিয়েছে।

আর্জেন্টিনার অন্যতম জনপ্রিয় ক্লাব লা প্লাতা জিমনেসিয়া। আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা তার কোচিং ক্যারিয়ারের শেষ দিকে এই ক্লাবের কোচের দায়িত্বে ছিলেন। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে ম্যাচ দুটি খেলতে আর্জেন্টিনার লা প্লাতা শহরে যাবে শেখ জামাল।

শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ফুটবল দলের ম্যানেজার ফারাজ হোসেন জানিয়েছেন, ‘আমাদের ক্লাবের দুটি জার্সির মধ্যে একটি আর্জেন্টিনা জাতীয় দলের জার্সির আদলে তৈরি। সামাজিক যোগাযোগমাধ্যমে জিমনেসিয়া ক্লাবের কর্মকর্তারা এই জার্সি পরা দলের ছবি দেখতে পান। এরপরই তারা আমাদের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দেন।’

আগামীকাল ২৪ ফেব্রুয়ারি শেখ জামাল ক্লাবের ফুটবল কমিটির সভা অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনায় গিয়ে ম্যাচ দুটি কবে এবং কীভাবে খেলা যেতে পারে সভায় সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে সেপ্টেম্বরে খেলার কথা ভাবছে শেখ জামাল। কারণ ওই সময়ে বাংলাদেশ ও আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে বিরতি রয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিশ্বকাপ চলাকালেই বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা বিশ্বের সব মিডিয়ায় আলোচনায় আসে। লিওনেল মেসির দলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আর্জেন্টাইনদের মনে জায়গা করে নেন বাংলাদেশের সমর্থকরা। সেই ভালোবাসার সঙ্গে শেখ জামাল ক্লাবের ফিজিক্যাল ট্রেইনার আর্জেন্টাইন আরিয়েল কোলম্যানের সমন্বয়ে এই প্রস্তাব।

এ প্রসঙ্গে ফারাজ আরও জানান, ‘কোলম্যান আমাদের ক্লাবে দীর্ঘদিনের ট্রেইনার। বিশ্বকাপের সময় আর্জেন্টিনার অনেক মিডিয়া তার সঙ্গে যোগাযোগ করেছে। এবার এই ক্লাবও তার সঙ্গে যোগাযোগ করে। তা ছাড়া ক্রুসিয়ানি (জাতীয় দলের সাবেক কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি) এখানে কোচিং করিয়েছেন। সবকিছু জেনেই ওরা আমাদের সঙ্গে ফুটবল ম্যাচ খেলতে আগ্রহী হয়েছে।’