দুর্নীতি প্রতিরোধে কৌশল প্রণয়ন করে, তা সরকার বাস্তবায়ন করছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিসিএস কর্মকর্তাদের ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেছেন, সামরিক শাসকরা যখন ক্ষমতা দখল করে তখন দুর্নীতি বেশি হয়, কারণ জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয় না। আর জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা থাকে না। কারণ তারা অস্ত্র হাতে ক্ষমতায় আসে।
বিসিএস কর্মকর্তাদের ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনে দেশ গড়ার শপথ নিয়েছেন সরকারি কর্মকর্তারা।
ঔপনিবেশিক আমলের ধ্যান-ধারণা পরিহার করে, সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশকে মাত্র সাড়ে তিন বছরে স্বল্পোন্নত দেশের মর্যাদায় নিয়ে যান বঙ্গবন্ধু। পঁচাত্তরের পর বাংলাদেশকে কালো অধ্যায় পার হতে হলেও এখন দেশ পুরো বিশ্বের রোল মডেল।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ যুগের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে নবীন কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, সরকারি খাতকে দুর্নীতিমুক্ত করতেও সুনির্দিষ্ট কৌশল প্রণয়ন করেছে তার সরকার।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সংকটে অনেক দেশ এসডিজি অর্জন করতে পারবে না বলেও আশঙ্কা করেন প্রধানমন্ত্রী।
সরকারি অবকাঠামো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং সাশ্রয়ী ও সঞ্চয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





