একসঙ্গে লাইভে এসে ‘ভুল’ ভাঙালেন শাবনূর-পূর্ণিমা

বাংলা সিনে ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় দুই তারকা শাবনূর ও পূর্ণিমা। নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী শাবনূর ও নতুন দশকের পর্দা রাঙানো অভিনেত্রী পূর্ণিমার অভিনয়জীবন যতটা বর্ণাঢ্য, তাদের ভক্ত-অনুরাগীর সংখ্যাও অগণিত। তবে প্রায়ই দুই তারকাকে নিয়ে কিছু গুঞ্জন ভেসে উঠতে দেখা গেছে ইন্ডাস্ট্রিতে। নিজেদের রাজত্ব বহাল ও দখলের প্রতিযোগিতায় প্রায়ই এই দুই তারকার নামের পাশে একটি বিশেষণ যোগ হয়েছে, আর সেটি হলো দ্বন্দ্ব। শাবনূর-পূর্ণিমার দ্বন্দ্ব! একে অপরের সঙ্গে মনোমালিন্য ও দ্বন্দ্বের গুঞ্জনে প্রায়ই খবরের শিরোনাম হতেন দুজন। তবে এবার ভক্তদের জন্য সব গুঞ্জনের অবসান ঘটালেন বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় দুই অভিনেত্রী। সম্প্রতি দুজনে একসঙ্গে লাইভে এসে চমকে দিয়েছেন সবাইকে। আর জানিয়ে দিয়েছেন, কোনো দ্বন্দ্ব নয়, ভালোবাসাই তাদের সম্পর্কের মূল পুঁজি।

সম্প্রতি স্বামী ও কন্যাকে সঙ্গে নিয়ে সিডনি সফরে গেছেন পূর্ণিমা। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেই খবর জেনেছেন শাবনূর। পরবর্তী সময়ে পূর্ণিমাকে খুঁজে বের করে শাবনূর তার বাসায় আমন্ত্রণ জানান। নায়িকা পূর্ণিমা তার পেইজ থেকে শুক্রবার (৩ মার্চ) বিকেলে লাইভে আসেন শাবনূরের সঙ্গে। পূর্ণিমার সঙ্গে লাইভে এসে শাবনূর জানান, পূর্ণিমা তার স্বামী-কন্যাকে নিয়ে সিডনি সফরে এসেছে জেনে রীতিমতো হারিকেন জ্বালিয়ে খুঁজে বের করেছেন তাকে। এ সময় শাবনূর দুজনের ভেতরের সম্পর্কের বাজে গুঞ্জন সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন, ‘একটা বিষয় পরিষ্কার করতে চাই, সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়ো সম্পর্ক। কিন্তু মোটেও তা না।’

লাইভে পূর্ণিমা বলেন, ‘আমাদের দুজনের সম্পর্কটা ফুলের পাপড়ির মতো। শাবনূর আপা অভিনয়ের প্রতিষ্ঠান। আমাদের সবার অনুপ্রেরণা। যখন ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছি, নির্মাতারা শাবনূর আপার উদাহরণ দিয়ে সেভাবে কাজ চাইতেন আমাদের কাছে। কিন্তু আমরা আপার ধারেকাছেও ছিলাম না। আমি অনেকবার তাকে কপি করার চেষ্টা করেছি। মানুষ হিসেবে তার তুলনা নেই।’

নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কথা স্মরণ করে পূর্ণিমা বলেন, ‘আমি তখন ইন্ডাস্ট্রিতে নতুন। শাবনূর আপুর জন্য ইন্ডাস্ট্রিতে আমরা কেউই পা রাখতে পারছিলাম না। যখনই শুটিং করতাম, পরিচালকরা বলতেন কী এক্সপ্রেশন দাও? শাবনূরের মতো করার চেষ্টা করো। তার চোখ, ঠোঁট কথা বলে। এগুলো শুনে অনেক সময় কান্না করতাম।’ লাইভে পূর্ণিমার প্রতিও মুগ্ধতা প্রকাশ করেন শাবনূর। তিনি বলেন, পূর্ণিমাকে দেখে চোখে পানি এসে গেছে। অনেক দিন পর ওকে দেখলাম। তার এত গুণ আল্লাহ দিয়েছে, আমি তার মতো এত গুণের না। সে এত সুন্দর করে স্টেজে কথা বলে আমি জীবনেও তার মতো পারব না। সে দেখতেও অনেক সুন্দর। তার কোনো তুলনা হয় না। নকল করাটাও একটা গুণ। পূর্ণিমা তুমি এত সুন্দর করে কিভাবে নকল করো?

লাইভে শাবনূর বলেন, পূর্ণিমা অস্ট্রেলিয়া এসেছে জেনে তাকে হারিকেন জ্বালিয়ে খুঁজেছি। অবশেষে মনের টানে তাকে পেয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।