বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতিক বলেছেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারিতে যে ট্র্যাজেডি ঘটেছে, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারিতেও একই ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে।
সোমবার (৬ মার্চ) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, গত ২৫ ফেব্রুয়ারিতে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে দুইজন আলোচক পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনাদের নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন। উদাহরণস্বরূপ যে ৫৭ জন অফিসার সেদিন শহীদ হয়েছিলেন তাদের খাসি বলা হয়েছিল এবং বর্তমান বিজিবিতে চাকরি করা সব অফিসারদের স্মাগলার করা হয়েছে। একজন সাবেক সেনা অফিসার হিসেবে আমি তার প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, সে আলোচনা অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা হয়। তবে মার্চের ৪ তারিখে সেটি ইন্টারনেট থেকে সরিয়ে ফেলা হয়েছে। গত ৬ মার্চ গর্হিত সে আলোচনার প্রতিবাদে একই অনুষ্ঠানে অন্য দুইজন আলোচক তার ব্যাখ্যামূলক আলোচনা করেন।
কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, পিলখানা ট্র্যাজেডির ঘটনায় দুইটি মামলা হয়েছিল। একটি হত্যাকাণ্ডের মামলা, অপরটি বিস্ফোরক দ্রব্য রাখার মামলা। প্রথম মামলাটির একটি অংশ এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে, অপরটি অন্যত্র রয়েছে। আমরা সরকারের নিকট দ্রুত বিচার কামনা করছি।





