বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টিতে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায়। এই ম্যাচে অভিষেক হচ্ছে সবশেষ বিপিএল মাতানো ব্যাটার তৌহিদ হৃদয়ের। এছাড়া আট বছর পর টি-টোয়েন্টি খেলছেন রনি তালুকদার, দলে ফিরেছেন শামীম হোসেনও।
বিপিএলের নবম আসরে নিজেকে নতুনভাবে ছিনিয়েছেন বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার তৌহিদ হৃদয়। টপ অর্ডার এই ব্যাটার আসরে ১৩ ম্যাচের ১২ ইনিংসে ব্যাটিং করে প্রায় ৩৭ গড় ও প্রায় ১৪০ স্ট্রাইকরেটে ৪০৩ রান করেছেন। যার ফলে এবারের বিপিএলে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সবচেয়ে বেশি ৫টি হাফ সেঞ্চুরি ছিল তার নামের পাশে।
এমন পারফরম্যান্সের পর প্রত্যাশিতভাবেই ইংল্যান্ড সিরিজের দলে ডাক পান হৃদয়। তবে ওয়ানডে স্কোয়াডে থেকেও অভিষেক না হলেও প্রথম টি-টোয়েন্টিতেই একাদশে সুযোগ পান তিনি। এছাড়াও দলে ফিরেছেন সদ্য সমাপ্ত বিপিএলে আলো ছড়ানো রনি তালুকদার। এছাড়া দলে ফিরেছেন শামীম পাটোয়ারী।
এদিকে পাক্কা সাড়ে ৩ বছর পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। সবশেষ ২০১৯ সালে নিজেদের খেলা শেষ দুটি ম্যাচেই জয় পেয়েছিল টাইগাররা। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি শুরুর পর এই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ : রনি তালুকদার, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), শামীম পাটওয়ারী, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
ইংল্যান্ডের একাদশ : ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড ও ক্রিস জর্ডান।





