টেস্টের পর এবার ভারত সফরে ওয়ানডে সিরিজেও অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিবেন স্টিভেন স্মিথ। মূলত নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্বের ভার উঠেছে স্মিথের কাঁধে। ফলে প্রায় চার বছর পর স্মিথকে দেখা যাবে রঙিন পোষাকে দলের নেতৃত্ব দিতে।
২০১৮ সালের সেই আলোচিত বল টেম্পারিং কাণ্ডের পর অধিনায়কের দায়িত্ব থেকে নিষিদ্ধ করা হয়েছিল স্মিথকে। নিষেধাজ্ঞা কাটানোর পর সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয় তাকে। এরপর চার বছরে চারবার অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিয়েছেন স্মিথ, প্রতিবারই টেস্টে। তবে নিষেধাজ্ঞার পর এবারই প্রথম ওয়ানডে ক্রিকেটে অজিদের হয়ে প্রথমবারের মতো টস করতে নামবেন স্মিথ।
বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচের পর মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরে যান প্যাট কামিন্স। এরপর হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা মারিয়া কামিন্স। এই সময়ে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেন স্মিথ, তার অধীনে শেষ দুই টেস্টের একটিতে জয় পেলেও শেষটি ড্র করে। তবে প্রথম দুই ম্যাচ হারায় সিরিজ হেরে যায় অসিরা।
মায়ের মৃত্যু শোক কাটিয়ে উঠতে না পারায় ওয়ানডে সিরিজেও ফেরা হচ্ছে না কামিন্সের। ফলে এবার ওয়ানডে সিরিজও নেতৃত্ব দেবেন স্মিথ। এই ব্যাপারে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘প্যাট কামিন্স ফিরে আসবে না। বাড়িতে যা হয়েছে সেটা সামাল দিচ্ছে। আমাদের সহানুভূতি আছে তার জন্য এই কঠিন সময়ে।’
কামিন্স না ফিরলেও ফিরছেন ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও শন মার্শ। তাছাড়া পেসার রিচার্ডসনের জায়গায় খেলবেন ন্যাথান এলিস।
অস্ট্রেলিয়া স্কোয়াড : স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস ল্যাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।





