ক্রিকইনফোর ওয়ানডেতে বর্ষসেরা মিরাজ, টেস্টে এবাদত

দেশের ক্রিকেটাঙ্গনে বর্তমানে যেসব ক্রিকেটার দাপট দেখাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম মেহেদী হাসান মিরাজ। গত বছর থেকেই দুর্দান্ত পারফর্ম করছেন এই অফস্পিন অলরাউন্ডার। ঘরে মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন তিনি।

টাইগারদের হয়ে ভারতের বিপক্ষে ওই ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে করেন অসাধারণ এক সেঞ্চুরি। ৬৯ রানে ৬ উইকেটে ধুঁকতে থাকা টাইগারদের এনে দেন ২৭১ রানের বিশাল সংগ্রহ।

এবার সেই দাপুটে ব্যাটিংয়ের স্বীকৃতি পেলেন মিরাজ। ভারতের ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। অনবদ্য ব্যাটিংয়ের কারণে মিরাজকে ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে ব্যাটার হিসেবে নির্বাচিত করা হয়েছে।

অন্যদিকে টেস্টে বর্ষসেরা পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন টাইগার পেসার এবাদত হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইতে ৪৬ রান দিয়ে ৬ উইকেট নেন এই পেসার। আর ডানহাতি এই পেসারের ঝড়ো বোলিংয়ে কিউইদের মাটিতে প্রথমবারের মতো টেস্টে জয় ছিনিয়ে নেয় টাইগাররা।

সেই ম্যাচে শেষ দিনের শেষ সেশনে ৭ বলের স্পেলে নিষ্প্রভ করে দেন কিউই ব্যাটারদের। মাত্র ৭ বলের মধ্যেই স্বাগতিকদের তিন ব্যাটারকে ফেরান তিনি। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট নেন এবাদত।

ইএসপিএন প্রকাশিত অ্যাওয়ার্ডের তালিকা :

পারফরম্যান্স অব দ্য ইয়ারক্রিকেটাররান/ বোলিং স্পেলপ্রতিপক্ষস্থান
টেস্ট ব্যাটিংজনি বেয়ারস্টো১৩৬নিউজিল্যান্ডনটিংহ্যাম
টেস্ট বোলিংএবাদত হোসেন৬/৪৬নিউজিল্যান্ডমাউন্ট মঙ্গানুই
ওয়ানডে ব্যাটিংমেহেদী হাসান মিরাজ১০০*ভারতমিরপুর
ওয়ানডে বোলিংজসপ্রিত বুমরাহ৬/১৯ইংল্যান্ডওভাল
টি-টোয়েন্টিসূর্যকুমার যাদব১১১*নিউজিল্যান্ডমাউন্ট মঙ্গানুই
টি-টোয়েন্টি বোলিংস্যাম কারান৩/১২পাকিস্তানমেলবোর্ন