সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেকসহ দুটি ফিফটির দেখা পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে সেই ধারাবাহিকতা ধরে রাখলেন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও। সিলেটে আইরিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিফটির দেখা পেলেন শান্ত।
এই নিয়ে শেষ পাঁচ ম্যাচে তিনটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস উপহার দিলেন এই ব্যাটার। এর মধ্যে চার ইনিংসে তিনি করেছেন পঁচিশ বা তার বেশি রান। ক্যারিয়ারে রীতিমত বসন্তের সুবাতাস বইছে এই তরুণের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭৯ রান। শান্ত ৬০ আর সাকিব আল হাসান ১৫ রানে অপরাজিত আছেন।
সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। তামিম ইকবাল আর লিটন দাস শুরুটা করেছিলেন বেশ দেখেশুনে।
১০ ওভার কাটিয়ে দেন তারা। শেষপর্যন্ত তামিম-লিটনের ৪২ রানের জুটিটি ভাঙে দুর্ভাগ্যজনক রানআউটে। ভালো ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়ে তামিম উইকেটে সেট হতে যাচ্ছিলেন কেবল। তখনই ভুলটা করে বসলেন এবং দুর্ভাগ্যের শিকার হলেন।
১০ম ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তামিম লিটনকে কল দিয়েছিলেন রান নেয়ার জন্য। শর্ট রানের জন্য দৌড় দেয়ার আগেই বল কুড়িয়ে সরাসরি থ্রো করেন মার্ক অ্যাডেয়ার।
সরাসরি থ্রোটি আঘাত হানে নন-স্ট্রাইকপ্রান্তের স্ট্যাম্পে। তখনও ক্রিজে পৌঁছার অনেক পথ বাকি তামিমের। ৩১ বলে ২৩ রান করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। এর মধ্যেই মেরেছেন ৪টি বাউন্ডারির মার।
আগের ম্যাচে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন। ফিরতে হয় ২৬ রানে। তবে এবার আর কোনো ভুল করেননি ড্যাশিং এই ওপেনার। ছক্কা মেরে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি পূর্ণ করেন লিটন, ৫৩ বলে।





