চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ৫৮০ গ্রাম (আধা কেজি) সোনার বারসহ দুই পাচারকারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ মার্চ) জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২০ মার্চ) রাতে জীবননগর পৌর এলাকার ইসলামপুর থেকে সোনার বারসহ তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের গ্রামের সোহরাব হোসেনের ছেলে কামাল ও একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জিয়া উদ্দিন।
পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর এলাকায় অবস্থান নেয় জীবননগর থানাপুলিশের একটি টিম। এ সময় দুই পাচারকারী সোনা নিয়ে মোটরসাইকেল যোগে সীমান্ত এলাকার নতুনপাড়া গ্রামে যাচ্ছিলেন। পরে তাদের আটক করে শরীর তল্লাশি করে পুলিশ। এ সময় জিয়া উদ্দিনের কোমরে লুকিয়ে রাখা অবস্থায় সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার সোনার বারের ওজন ৫৮০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। এ সময় তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে। তবে ভারতে পাচারের উদ্দেশ্য বারগুলো সীমান্ত এলাকার নতুনপাড়া গ্রামে নেওয়া হচ্ছিল। সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে।





