কোহলিকে টপকে শীর্ষে রণবীর

অভিনেতা ২০২২ সালের ভারতের সবচেয়ে মূল্যবান তারকা হিসেবে শীর্ষস্থান দখল করলেন অভিনেতা রণবীর সিং। করেপারেট ইনভেস্টিগেশন অ্যান্ড রিস্ক কনসালটিং ফার্ম ক্রোলের এক প্রতিবেদনে রণবীরকে সবচেয়ে মূল্যবান তারকা হিসেবে উল্লেখ করা হয়েছে। ‘সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২২’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১৮১.৭ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৪৯৪ কোটি ব্র্যান্ড ভ্যালু নিয়ে শীর্ষস্থান দখল করেছেন রণবীর সিং। গত পাঁচ বছর শীর্ষে ছিলেন ক্রিকেটার বিরাট কোহলি। এবার তাকে স্থানচ্যুত করলেন রণবীর।

১৭৬.৯ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেন কোহলি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ার পর দুই বছরে তার ব্র্যান্ড ভ্যালু কমে গেছে। তার ব্র্যান্ড মূল্য ২০২০ সালে ২৩৭ মিলিয়ন ডলারের বেশি ছিল, তবে ২০২১ সালে তা হ্রাস পেয়ে ১৮৫.৭ মিলিয়ন ডলারে নেমে আসে। ১৫৩.৬ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। ১০২.৯ মিলিয়ন ডলার নিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন আলিয়া ভাট। দীপিকা পাড়ুকোনের ব্র্যান্ড ভ্যালুয়েশন ৮২.৯ মিলিয়ন ডলার, যা তাকে পঞ্চম স্থান এনে দিয়েছে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, হৃত্বিক রোশনের মতো তারকারা সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছেন।

সাবেক ক্রিকেটার এম এস ধোনির ব্র্যান্ড ভ্যালু ৮০ মিলিয়ন ডলার। শচীন টেন্ডুলকরের ব্র্যান্ড ভ্যালু ৭৩.৬ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, ২০২২ সালে সেরা ২৫ জন তারকার ব্র্যান্ড ভ্যালু ধরা হয়েছে ১.৬ বিলিয়ন ডলার, যা ২০২১ সালের তুলনায় প্রায় ২৯.১ শতাংশ বেশি। আর এই প্রথম ভারতের সেরা ২৫ জনের তালিকায় জায়গা করে নিলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা। কমনওয়েলথ সোনাজয়ী পিভি সিন্ধুর সঙ্গে সেরা ২৫-এ জায়গা করে নিয়েছেন অলিম্পিক সোনাজয়ী নীরজ চোপড়াও। দুজনেরই মূল্য ছিল ২৬.৫ মিলিয়ন ডলার।