চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ভারতীয় অস্ত্র-গুলিসহ এক অস্ত্র চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি।
শনিবার (২৫ মার্চ) দুপুর ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার দৌলতগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার বড়হরিশপুর গ্রামের আবু তালেবের ছেলে আল আমিন (২৮)।
বিজিবি প্রেস বিজ্ঞপ্তির জানান, গোপন খবরের ভিত্তিতে নতুনপাড়া বিওপির টহলদল জানতে পারে, মেইন পিলার ৬৪ এর নিকট দিয়ে অস্ত্র চোরাকারবারি প্রস্তাবিত দৌলতগঞ্জ আইসিপি সংলগ্ন চ্যাংখালী রোড হয়ে জীবননগরের দিকে যাবে। পরে খবর পেয়ে টহল দল দ্রুত ওই এলাকায় গিয়ে চ্যাংখালী রোডের ঝোপের মধ্যে ওঁৎ পেতে থাকে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পেয়ে চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নতুনপাড়া বিওপির টহলদল তাকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে ডান পায়ে লাল টেপ দ্বারা পায়ের সঙ্গে আটকানো ভারতীয় স্থানীয়ভাবে তৈরি একটি পিস্তল এবং বাম পায়ের জুতার মধ্যে থেকে এক রাউন্ড গুলি জব্দ করে।
সহকারী পরিচালক আরও জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্র-গুলিসহ অভিযুক্ত আসামিকে জীবননগর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।





