কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় আলী জোহার নামে এক রোহিঙ্গা মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর গণমাধ্যম ও আইন শাখার সহকারী পরিচালক শামসুল আলম খান। এর আগে শুক্রবার বিকেলে কুতুপালং বাজারের উত্তর পাশে মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
গ্রেফতার আলী জোহার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১-ডব্লিউভিইউ-এর নুর সালামের ছেলে।
শামসুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালানো হয়। এ সময় আলী জোহারের দেহ তল্লাশি করে এক লাখ ইয়াবা পাওয়া যায়। র্যাবের অভিযান টের পেয়ে আলী জোহারের আরো দুই সহযোগী পালিয়ে যায়। পলাতক দুজনসহ আলী জোহার দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছেন।
মামলা দায়ের করে ওই মাদক ও মাদককারবারি জোহারকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।





