গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার নির্মাণাধীন ভবনে রড তোলার কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। ওই সময় ভবনটির পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সঙ্গে রডের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে শ্রীপুর পৌর এলাকার কেওয়ার আরমাদা শিল্প গ্রুপের স্কাইনিস কারখানায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়স (২২), একই উপজেলার বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৫) ও জামালপুর জেলার মনোয়ার হোসেন (২৫)। তাৎক্ষণিকভাবে নিহত পাভেলের গ্রাম ও মনোয়ার হোসেনের গ্রাম ও বাবার নাম জানাতে পারেনি পুলিশ। নিহত তিনজনই দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিক ছিলেন।
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাহিনূর রহমান জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে চারতলা ওই ভবনটি নির্মাণ করা হচ্ছিল।
ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ইব্রাহীম খান জানান, সেখানে আজ ৬০ জন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। সকাল থেকে নির্মাণ শ্রমিকরা ভবনটির ছাদে রড তুলছিলেন। পাশে বিদ্যুতের সঞ্চালন লাইনের তারের সঙ্গে রডের সংস্পর্শে বিদ্যুতের তারে আগুন ধরে যায়। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। ওই ঘটনায় কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহত কারো নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন তারা। মরদেহগুলো ঝলসানো ছিল।
শ্রীপুর থানার এসআই ফোরকান মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’





