শিল্পী সমিতির নির্বাচিত কমিটি থেকে অভিনেত্রী সুচরিতা ও চিত্রনায়ক রুবেলের সদস্যপদ বাতিল করা হয়েছে। সেইসাথে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিত হতে যাচ্ছে আগামী রবিবার।
সমিতির একজন কার্যনির্বাহী সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক জানান, রবিবার (২ এপ্রিল) বিকেল ৪ টায় এক জরুরি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।এ বিষয়ে জায়েদ খান বলছেন, সামনে শিল্পী সমিতির নির্বাচনে আমাকে ভোটে দাঁড়ানোর পথ বন্ধ করে দিতে তারা টার্গেট করে আমার সদস্যপদ স্থগিত করার চেষ্টা করছে। আমি যখন মুম্বাইয়ে তখন আমার বাসার ঠিকানায় চিঠি পাঠানো হয়। দুদিন আগে বাসার দারোয়ান আমাকে চিঠি দিয়েছে।
এদিকে সদস্যপদ বাতিল প্রক্রিয়ার পূর্বে জায়েদ খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের একটি কপি কালের কণ্ঠের হাতে রয়েছে। ঐ নোটিশে জায়েদ খানকে, নিপুণ সম্পর্কে ইউটিউবে মানহানিকর বক্তব্য দেওয়ার কারণ দর্শাতে বলা হয়েছে। এতে সাধারণ সম্পাদক হিসেবে সাক্ষর রয়েছে নিপুণের।
২০২১-২০২৩ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে সুচরিতা কার্যনিবাহী সদস্য হিসেবে নির্বাচিত হন এবং রুবেল সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।





