সুগন্ধা ও বিষখালী নদীতে জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ

‘করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশ উৎপাদন’ এই প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে।

শনিবার (১ এপ্রিল) থেকে জাটকা সংরক্ষণে ঝালকাঠির জেলায় সুগন্ধা ও বিষখালী নদীতে জাটকা মাছ ধরা বন্ধ রয়েছে।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, শনিবার থেকে জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা আগামী ৭ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। এ সময় জাটকা ইলিশ মাছ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে। কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়াও ট্রলার নিয়ে নদীতে টহল দেওয়া হচ্ছে। নজরদারিতে রাখা হয়েছে শহর-বন্দর-গ্রামের বিভিন্ন হাটবাজার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও ব্যবস্থা রাখা হয়েছে।