রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন পার্শ্ববর্তী পুলিশ সদর দপ্তরেও ছড়িয়ে পড়েছে। সদর দপ্তরের চারটি ব্যারাকে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে বঙ্গবাজারে আগুন লাগার একপর্যায়ে তা মহানগর শপিং কমপ্লেক্সেও ছড়িয়ে পড়ে। আর ওই শপিং কমপ্লেক্স থেকে আগুন ছড়ায় পুলিশ সদর দপ্তরে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। সদর দপ্তরের ভেতরে পুলিশের চারটি ব্যারাকে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা বেশকিছু কাগজপত্র পুড়ে গেছে।
এদিকে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় আগে থেকেই প্রস্তুতি হিসেবে পুলিশ সদর দপ্তরের ভেতর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রাখা হয়। মোতায়েন করা হয় পর্যাপ্ত সংখ্যক ফায়ার সার্ভিসের সদস্য। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদর দপ্তরের মেইন গেটের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।
এদিকে বঙ্গবাজারের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্য আহত হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ, বিমান, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এতো বড় ধরনের অগ্নিকাণ্ড তাদের পথে নামিয়ে দিয়েছে।





