গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন আসিফ

দীর্ঘ উনিশ বছর ধরে বাংলা ভাষাভাষীদের জনপ্রিয় গান উপহার দিয়ে আসছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। নিজেকে নিজে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পরিচিতি পেয়েছেন বাংলা গানের যুবরাজরূপে। কখনওবা কণ্ঠপুরুষ হিসেবে।

বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসামে তৈরি হয়েছে তার অগণিত ভক্ত। গানে এখন খুব বেশি একটা নিয়মিত না হলেও সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সাম্প্রতিক নানা ইস্যু নিয়েই লেখালেখি করে থাকেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক শামসুজ্জামান জামিনের পর ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবরও। সোমবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যেম এক পোস্ট দিয়েছেন।

প্রথম আলোর এ সাংবাদিককে হাতকড়াবিহীন কোর্টে নেওয়ার ঘটনায় ‘ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা’ নিয়ে এই স্ট্যাটাস দিয়েছেন। তিনি দুটো ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন,

ছবি-১ আমি আসিফ আকবর, সঙ্গীতশিল্পী ( তথাকথিত জাতীয় পুরস্কার প্রাপ্ত) । হাতে হাতকড়া পরিয়ে কোর্টে চালান।

ছবি-২

সাংবাদিক শামসুজ্জামান- তার হাতে কোন হাতকড়া নেই, অভিনন্দন।

দুজনেরই ডিজিট্টাল মামলা। এদিকে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান মতি ভাই সেইম মামলায় মাননীয় আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। আর আমাকে গ্রেপ্তার করেছে সিআইডি এমনই এক রোজার রাতে। আমি আগাম কিছুই জানতে পারিনি। আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি।

তার দেওয়া স্টাটাসটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে ভক্তরা অনেকই তাকে সাধুবাদ জানাচ্ছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেপ্তার করে পুলিশ। সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় সেসময়।