নরসিংদীতে ফের বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, ককটেল বিস্ফোরণ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের সামনে রাখা সময় টিভির সাংবাদিকের মোটরসাইকেল ব্যাপক ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত করা হয়।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে খায়রুল কবির খোকনের উপস্থিতিতে ঘরোয়া মিটিং চলাকালে জেলা ছাত্রদলের পদবঞ্চিত হয়ে বহিষ্কৃত নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়।
দলটির নেতাকর্মীরা জানান, আগামী ৮ এপ্রিল সকল উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচী সফল করতে জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতিমূলক মিটিং করছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন ও জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছাত্রদলের পদবঞ্চিত ও বহিষ্কৃত নেতাকর্মীদের একটি দল জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর শুরু করে।
এদিকে সেখানে রাখা সময় টিভির সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত করে হামলাকারী বহিষ্কৃত ছাত্রদল নেতাকর্মীরা।
উল্লেখ্য, জেলা ছাত্রদলের কমিটিতে স্থান না পাওয়ায় বিক্ষোভ, মানববন্ধনসহ জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের গাড়ি-বাড়িতে ও জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়াসহ ২৬ জানুয়ারি থেকে একাধিকবার হামলার ঘটনা ঘটায় পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা।





