আইপিএলের চলতি আসরে অভিষেকের পর প্রথম আইপিএল উইকেটও পেয়ে গেছেন শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। এই বাঁহাতি পেসার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে বল করতে এসে শিকার করেন আরেক পেসার ভুবনেশ্বর কুমারকে। এই সাফল্যের পর অর্জুনকে নিয়ে আলোচনা আরো বেড়েছে। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বললেন ভিন্ন কথা।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল অভিষেক হয়েছে অর্জুনের। যে দলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন তার বাবা শচীন টেন্ডুলকার। তাই ডাগ আউটে শচীনের উপস্থিতি অনেক কিছুই অর্জুনের জন্য সহজ করে দেয় বলে মনে করেন রশিদ লতিফ। এক ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘সে যদি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলত তবে তার মনোভাব খুব আলাদা হতো। এই মুহূর্তে তার বাবাও ড্রেসিংরুমে। তার বাবার ভূমিকা এখন তার (ক্রিকেটবহির্ভূত) জীবনে হওয়া উচিত, ক্রিকেটে নয়।’
অর্জুন এখন যেভাবে বোলিং করেন, সেভাবে বেশি দূর যেতে পারবেন না বলে মনে করেন রশিদ। তিনি আরো বলেন, ‘যদি একজন ভালো বায়োমেকানিক্যাল কনসালট্যান্ট তাকে গাইড করেন, তাহলে হয়তো সে তার বোলিংয়ে কিছুটা গতি বাড়াতে পারে। শচীন টেন্ডুলকার নিজেও অর্জুনের গতিতে কাজ করতে পারত। তবে এ জন্য সে ঘরোয়া ক্রিকেটের ওপর নির্ভর করে। তার ভিত্তি শক্তিশালী হতে হবে। বল ছুড়ে দিলে ভেতরে না এসে বাইরে চলে যায়। তার ভারসাম্য ভালো না এবং এটি তার গতিকে প্রভাবিত করছে। কিন্তু এটা কেবল শুরু। সে ১৩৫ কিলোমিটার বেগে যেতে পারে, সে একজন ভালো ব্যাটার। সে দুই-তিন বছরের মধ্যে ভালো খেলোয়াড় হয়ে উঠতে পারে।’





