বিশ্ব বিবেক বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে : খসরু

প্রধানমন্ত্রী জনবিচ্ছিন্ন হয়ে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রীর জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে টানা সফরের প্রসঙ্গ টেনে আজ বৃহস্পতিবার দুপুরে এক আলোচনাসভায় এই অভিযোগ করেন।

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে শেরে-বাংলা জাতীয় যুব স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনাসভা হয়।

তিনি বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা আজ বিদেশিদের পেছনে ধরনা দিচ্ছে। প্রধানমন্ত্রী সফরে বেরিয়েছেন, কমপ্লিটলি জনগণ থেকে বিচ্ছিন্ন, রাজনৈতিকভাবে পরাজিত। তাদের নির্ভরশীলতা হয়ে গেছে রাষ্ট্রের কিছু এপারেন্টেসের ওপর। তাদের নির্ভরশীলতা হচ্ছে অন্য শক্তির মাধ্যমে যদি ক্ষমতায় টিকে থাকা পারে বা যেতে পারে।

তিনি বলেন, তারা দেশে দেশে ধরনা দিচ্ছে, দুয়ারে দুয়ারে ধরনা দিচ্ছে। বাংলাদেশের মানুষের সাথে কোনো সস্পর্ক নাই, দেশের মানুষের সাথে কোনো সম্পর্ক নাই। তারা দেশের মানুষের কাছ থেকে এত দূরে সরে গেছে যে, জনগণকে নিয়ে যে রাজনীতি হতে পারে-সেটা তারা বিশ্বাসই করতে পারে না।

আমির খসরু বলেন, বাংলাদেশের মানুষের বিরেুদ্ধে অবস্থান নিয়ে যত দেশে দেশে ঘুরে বেড়ান, যত ধরনা দেন কোনো লাভ হবে না। পরাজিত হতে হবে। মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে, ভাষা আন্দোলনে বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে, বিশ্বের প্রত্যেকটি দেশে সে দেশের মানুষ যখন সিদ্ধান্ত নেয় সেই দেশের মানুষ রাজনৈতিকভাবে অবস্থান নেয় তাদের বিরুদ্ধে কোনো শক্তি লড়ে কুলাতে পারবে না।

তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফেরানোর চলমান আন্দোলনের ‘জনগণের বিজয় আসবেই’ উল্লেখ করে তিনি বলেন, বিদেশিরা কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে- এই ভোট চুরির সাথে বিগতদিনে কারা জড়িত ছিল, এই ভোট চুরির সাথে আগামী দিনে কারা কারা জড়িত হতে চাচ্ছে তা প্রত্যেকটি মানুষ তা খোঁজ-খবর রাখছে।

তিনি বলেন, কোন কোন রাজনৈতিক দল উচ্ছিষ্টভোগী, চুরির উচ্ছিষ্ট খাওয়ার জন্য জনগণের বিরুদ্ধে অবস্থান করছে, কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তা দেশের মানুষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্ব বিবেক বাংলাদেশের ওপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা তাদের কথা বলে যাচ্ছে।

শেরে বাংলা জাতীয় যুব স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আখতারুল আলম ফারুকের সভাপতিত্বে আলোচনাসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বক্তব্য রাখেন।

আলোচনাসভায় দলের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ও শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি তাহজিনা মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।